হাইমচর অফিস:
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার এবং যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলায় দুটি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বাদ আছর আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দৈনিক চাঁদপুর দর্পণ-এর হাইমচর অফিস প্রধান জাহিদুল ইসলামের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
বাদ আছর আসরের নামাজ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসেন। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান।
এ সময় এলাকার বিশিষ্ট আলেম-ওলামাগণ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত থেকে মরহুমের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানান।













