Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরকে আধুনিক অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচরকে আধুনিক অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচরকে আধুনিক অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হবে: এমপি শেখ ফরিদ আহমেদ মানিক


হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের সঙ্গে সমিতির প্রধান পৃষ্ঠপোষক এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিকের এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলে আয়োজিত এ সভা এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সভায় হাইমচরের উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যা উপস্থিত সকলের মধ্যে নতুন আশার সঞ্চার করে।


সমিতির সভাপতি ও সাবেক হিসাব মহানিয়ন্ত্রক জনাব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীমের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মাহবুব উল আলম, যিনি সমিতির কার্যক্রম ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচর উপজেলার সার্বিক উন্নয়নে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, চাঁদপুর শহর থেকে হাইমচর পর্যন্ত ৩৪ ফুট প্রশস্ত দুই লেনের আধুনিক সড়ক নির্মাণ এবং পুরান বাজার থেকে তেলিরমোড় পর্যন্ত দৃষ্টিনন্দন রিভার ড্রাইভ সড়ক নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যে চলমান রয়েছে। পাশাপাশি হাইমচর ইকোনমিক জোনের ১,৪০০ একর জমিতে কৃষিভিত্তিক শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণের বিষয়টিও তিনি তুলে ধরেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সমিতির বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি এজেডএম আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব ড. মো. শাহাদাৎ হোসেন এবং সহসভাপতি ও সাবেক ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। বক্তারা হাইমচরের সার্বিক উন্নয়নে সমিতির ভূমিকা আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে প্রবাসী ও ঢাকায় অবস্থানরত হাইমচরবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার আহ্বান জানান।


সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুখলেছুর রহমান পাটওয়ারী, সহসভাপতি ও বিআইডব্লিউটিএর সাবেক প্রধান প্রকৌশলী প্রকৌশলী আবদুর রহিম তালুকদার, সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহজাহান আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সালাউদ্দিন মামুন, কে এ ডিজাইন গ্রুপের চেয়ারম্যান মো. জিয়া উদ্দিন বাবলুসহ সমিতির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।


মতবিনিময় সভায় হাইমচর উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ব্যাপক ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা হাইমচরকে একটি আধুনিক, সমৃদ্ধ, পরিকল্পিত ও সম্ভাবনাময় উপজেলায় রূপান্তরের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


সভাটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং হাইমচরের উন্নয়নের পথে এক নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার হিসেবেই উপস্থিত সবার মনে দাগ কেটে যায়।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts