বিশেষ প্রতিনিধি:
জাতীয় সংসদ ভবনকে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানির মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২৪ মে) সকালে সংসদ ভবনের শপথ কক্ষ হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই গ্রিন এনার্জি প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের সামগ্রিক উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য শক্তির গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে প্রধানমন্ত্রীর বিশেষ অনুরোধে এই ঐতিহাসিক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে আরও উপস্থিত ছিলেন:
- ইকবাল হাসান মাহমুদ, মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
- অনিন্দ্য ইসলাম অমিত, প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
- নূরুল ইসলাম মনি, চিফ হুইপ, জাতীয় সংসদ।
অনুষ্ঠানটিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপবৃন্দ এবং বিপুল সংখ্যক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সম্মানিত সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এই গৌরবময় মুহূর্তের সাক্ষী হতে অনুষ্ঠানে অংশ নেন।
বিশেষজ্ঞদের মতে: জাতীয় সংসদ ভবনের ছাদে স্থাপিত এই অন-গ্রিড রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা জাতীয় গ্রিডে বাড়তি বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি সরকারি স্থাপনায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে।













