মতলব দক্ষিণ প্রতিনিধি :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ দুই দিনের অভিযানে মাদক সম্রাট, কিশোর গ্যাং সদস্য এবং মাদক সেবনকারীসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ২৭ ও ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং বাকিদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম এবং মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন নবকলস গ্রামের মাদক সম্রাট রাসেল ওরফে ‘বায়ান্ন ভিসা রাসেল’ (৩৩), নায়েরগাঁও খিদিরপুর এলাকার মাদক ব্যবসায়ী ইব্রাহিম খলিল পাটোয়ারী (৩৫), মধ্য পিংড়া গ্রামের মো. শাহিদ (২৮), চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কিশোর গ্যাং সদস্য মো. বোরহান (২৭), মো. বাইজিদ (১৬) ও মো. ফাহিম হাওলাদার (১৭), এবং মাদক সেবনকারী সৈকত খান (২১)।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে রাসেল ওরফে ‘বায়ান্ন ভিসা রাসেল’কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মাদক সেবনকারী মো. শাহিদকে ৩ মাস এবং সৈকত খানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। অন্য আসামিদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিল। তাদের অনেকের বিরুদ্ধে আগেও একাধিক থানায় মাদক মামলা রয়েছে এবং জামিনে বেরিয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। একই সঙ্গে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল নিজ এলাকার ঢাকিরগাঁও, নবকলস ও উত্তর দিঘলদী গ্রামে মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যমে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় পুলিশ প্রশাসন এসআই ও এএসআইদের সমন্বয়ে একাধিক টিম গঠন করে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, “গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













