হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলার পরোয়ানাভুক্ত এক আসামি এবং পূর্বের একটি চুরি মামলার এজাহারনামীয় আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাইমচর উপজেলার মধ্য চরভাঙ্গা এলাকার বেপারী বাড়ির মৃত খালেক শেখের ছেলে হাসান শেখ (২৮) এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম সরদার ও শেফালি বেগমের ছেলে মো. উজ্জ্বল সরদার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এএসআই রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর-১৮৯/২০২৬ মামলায় যৌতুক নিরোধ আইনের ৩ নম্বর ধারায় পরোয়ানাভুক্ত আসামি হাসান শেখকে গ্রেপ্তার করেন।
অপরদিকে, এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হাইমচর থানার এফআইআর নং-২৩, তারিখ ১৮ অক্টোবর ২০২৬ এবং জিআর নং-২৮৫ মামলার এজাহারনামীয় আসামি মো. উজ্জ্বল সরদারকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৭৯/৫০৬(২) ধারায় মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে শনিবার যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।














