নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আগামী শনিবার (২১ নভেম্বর) থেকে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। এ লক্ষ্যে ইউনিয়নের সংশ্লিষ্ট সব পরিবারের সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।
শুমারি কার্যক্রমের জন্য পরিবারের ১৮ বছর বা তদূর্ধ্ব সব সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি পরিবারের নারী প্রধানের এনআইডি দিয়ে নিবন্ধিত একটি মোবাইল সিম থাকতে হবে। ওই সিমে নারী প্রধানের নিজ নামে বিকাশ, নগদ অথবা রকেট অ্যাকাউন্ট খোলা থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য সংগ্রহের সময় প্রত্যেক পরিবারকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে। ভুল তথ্যের কারণে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্যতা বাতিল হতে পারে। তাই তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ফ্যামিলি কার্ড করতে কোনো ধরনের টাকা-পয়সা লাগে না। এ বিষয়ে কেউ অর্থ দাবি করলে সতর্ক থাকার এবং প্রতারকদের ফাঁদে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার মালেক-রুমি প্রয়োজনে ০১৮৮২-১৬৯১৯৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।














