নিজস্ব প্রতিনিধি:
সমাজের অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ছাগল ও শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নয়ানী লক্ষীপুর, ছোট লক্ষীপুর ও লামচরী গ্রামের অসহায় পরিবারের মাঝে স্বাবলম্বীকরণের লক্ষ্যে ছাগল এবং শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
‘সততা, সম্পৃক্ততা ও সহানুভূতি’—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের সভাপতি আল আমিন রাসেলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বুলবুল ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আবু তাহের মিলন মাতব্বর, হান্নান গাজী ও মহিবুল্লাহ মুহিব। এছাড়া শুভানুধ্যায়ী খোরশেদ আলম মাতব্বর ও মো. ইমরান হোসেন পাটোয়ারী বক্তব্য দেন।
বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের সদস্যরা নীরবে-নিভৃতে সমাজের মানুষের কল্যাণে কাজ করে আসছেন। বর্তমান সময়ে বিভিন্ন স্বার্থ ও রাজনৈতিক পরিচিতি অর্জনের উদ্দেশ্যে অনেকে দান-অনুদান করলেও এ সংগঠনটি নিঃস্বার্থভাবে মানবসেবায় নিয়োজিত রয়েছে।
তারা বলেন, শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণের মাধ্যমে তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ উদ্যোগের ফলে উপকারভোগী পরিবারগুলো ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দ্বিতীয় সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রিপন, কোষাধ্যক্ষ মহসিন দেওয়ান, সেলিম পাটোয়ারী, আলমগীর হোসেনসহ সংগঠনের সম্মানিত সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।













