হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে সয়াবিন ও সয়াবিনজাত পুষ্টিকর খাবারের গুরুত্ব এবং পুষ্টি বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটে উপজেলার জনতা বাজারস্থ নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সলিডারিডাট নেটওয়ার্ক এশিয়ার বাস্তবায়নে আয়োজিত সভায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আলোচনা সভায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডি. কৃষিবিদ মো. ইয়াকুব আলী আশরাফ, প্রজেক্ট এক্সটেনশন অফিসার, রায়পুর। এছাড়া সয়া ফুড উদ্যোক্তা মোসা. সোনিয়া আক্তার।
সভায় শিক্ষার্থীদের সয়াবিনের পুষ্টিগুণ, বিশেষ করে উচ্চমাত্রার উদ্ভিজ্জ প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান এবং মানবদেহের স্বাস্থ্য সুরক্ষায় এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সয়াবিন দিয়ে তৈরি সয়া দুধ, সয়া আটা, সয়াবিনের বড়ি, সয়া প্রোটিন বল, সয়াবিনের হালুয়া, পিঠাসহ বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের পরিচিতি ও প্রস্তুতপ্রণালি সম্পর্কে অবহিত করা হয়।
আলোচকরা বলেন, দৈনন্দিন খাদ্যতালিকায় সাশ্রয়ী ও পুষ্টিকর সয়াবিনজাত খাবার অন্তর্ভুক্ত করা গেলে পুষ্টির চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। বিশেষ করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিবিষয়ক জ্ঞান বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণে উৎসাহিত করা এবং সয়াবিনজাত খাবারের বহুমুখী ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া। পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে আগ্রহ সৃষ্টি করে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পথ সুগম করা।
সচেতনতামূলক এ আয়োজন শিক্ষার্থীদের পুষ্টিজ্ঞান বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।














