নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের কচুয়ায় ঝড়-বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে তেল নিয়ে যাওয়ার পথে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহীম হোসেন সাগর (২৬) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। নিহত সাগর কুমিল্লা জেলার কোতোয়ালী থানার আড়াইউরা গ্রামের সফিকুর রহমানের ছেলে। তিনি সুরমা পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে কচুয়া-হাজিগঞ্জ-গৌরীপুর আঞ্চলিক সড়কের উত্তর ডুমুরিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঝড়-বৃষ্টির সময় সাগর মোটরসাইকেল যোগে জ্বালানি তেল নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তর ডুমুরিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, “পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













