হাইমচর অফিস:
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মানছুর আহমেদ ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশিদ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে ব্যক্তি, পরিবার ও সমাজের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। সমবায়ের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে স্বাবলম্বী সমাজ গঠন এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।














