নিজস্ব প্রতিবেদক:
”উদ্ভাবনের বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে দুই দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে এবং চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। বেলুন উড়িয়ে এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী স্টলসমূহ পরিদর্শনের মাধ্যমে তিনি মেলার শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “বর্তমান যুগ তীব্র প্রতিযোগিতার। শুধু পাঠ্যপুস্তক মুখস্থ করে পূর্ণাঙ্গ মানুষ হওয়া সম্ভব নয়। বিজ্ঞানমনস্কতা মানে কেবল বইয়ের জ্ঞান নয়, বরং সমস্যাকে নতুনভাবে দেখার ক্ষমতা। স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজে বের করতে আমাদের তরুণ প্রজন্মকে গবেষণামুখী হতে হবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “তোমাদের উদ্ভাবনগুলো দেশের বর্তমান প্রেক্ষাপট ও বাস্তবতাকে প্রতিফলিত করছে, যা ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রশাসন সবসময় এমন সৃজনশীল ও উদ্ভাবনী কাজের পাশে থাকবে।”
শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনের ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা জরুরি। নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মনকে প্রফুল্ল রাখে এবং একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের একক ও দলগত ইতিবাচক কাজে সম্পৃক্ত থাকার মাধ্যমে মানসিক বিকাশ নিশ্চিত করার আহ্বান জানান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিল হিকমা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, উপজেলা কৃষি অফিসার তপন রায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের প্রদর্শিত বৈজ্ঞানিক প্রজেক্ট ও উদ্ভাবনী প্রযুক্তি ঘুরে দেখেন।
দুই দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী কর্ম প্রদর্শন করছে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













