হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সেবন করে মাতলামি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটে উপজেলার গন্ডামারা এলাকার নুরু মিজি বাড়ির সামনে সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গন্ডামারা মিস্ত্রি বাড়ির জসিমের ছেলে মেহেদী (১৯) এবং একই এলাকার বেপারী বাড়ির আব্দুল কুদ্দুস বেপারীর ছেলে মো. রাশেদ হোসেন (২৩)।
হাইমচর থানা পুলিশ সূত্রে জানা যায়, গন্ডামারা বর্ডারপুল থেকে মোক্তব মসজিদগামী সড়কে মাদক সেবন করে মাতলামি করার সময় তাদের আটক করা হয়। পরে তাদের চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে পরীক্ষা করানো হলে মেহেদীর শরীরে গাঁজার উপাদান (THC) এবং রাশেদ হোসেনের শরীরে মেথামফেটামিন (MET) ও বেনজোডায়াজেপিনস (BZO) শনাক্ত হয়।
এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৬, তারিখ ১৫ নভেম্বর ২০২৬।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই আমিনুর রাহিম ও এএসআই হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।
হাইমচর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে রোববার (১৫ নভেম্বর) যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে।














