Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • মতলব দক্ষিণ
  • মতলবে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৭

মতলবে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৭

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব-পেন্নাই সড়কের নাগদা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পশ্চিম নাগদা ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে ‘জৈনপুর পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১৪-১৪৭১) নামক একটি বাস ২৫-৩০ জন যাত্রী নিয়ে চাঁদপুর বাবুরহাট স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাসটি পশ্চিম নাগদা এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে রাকিব (২৫), রুবি বেগম (৪৯), মোস্তফা কামাল (৬৫), লাভলু (৪৫), ইয়াসমিন আক্তার (২৪), শিশু বায়েজিদ (৩) এবং সফিকর রহমানকে (৪০) মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও ১০ জন যাত্রী স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাসের যাত্রী ইব্রাহিম খলিল জানান, চালক অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। সামনে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, “খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। খালে পানি কম থাকায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি। বর্তমানে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। চালক ও হেলপার পলাতক থাকলেও তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।”

আরো পড়ুন : https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts