হাইমচর অফিস:
চাঁদপুরের হাইমচর উপজেলায় গণধর্ষণ মামলার এজাহারনামীয় এক নম্বর আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হাইমচর থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-র দিকনির্দেশনায় বাহেরচর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জুলাহাস উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন মুন্না সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে হাইমচর থানার মামলা নং-০৪ (তারিখ: ০২ জুলাই, ২০২৬; ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) এর এজাহারনামীয় ১ নম্বর আসামি জাকির চৌকিদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। উপজেলার নীলকমল ইউনিয়নের চৌকিদার কান্দি এলাকার মাছের আড়তের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত বাবুল চৌকিদারের ছেলে।
এছাড়া, অপর একটি ঘটনায় আজ ১ অক্টোবর রাত ১:৩০ মিনিটের দিকে হাইমচর থানাধীন দক্ষিণ আলগী এলাকার বর্ডারপুল বাজার থেকে ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ঘোরাঘুরি করার সময় মো. রুবেল হোসেন ওরফে জহিরকে (৩৫) ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা মোতাবেক গ্রেপ্তার করে পুলিশ। তিনি হাইমচর উপজেলার সর্দার কান্দি এলাকার মো. আলী খাঁর ছেলে।
গ্রেপ্তারকৃত উভয় আসামিকে আজ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে হাইমচর থানা পুলিশ।














