নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচর উপজেলায় একটি ইজি বাইক (অটো) চুরির সময় স্থানীয় জনতার ধাওয়ায় দুই চোরকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
গত ১ অক্টোবর দিবাগত রাতে উপজেলার ২ নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামের রহমান চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকা থেকে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ওই এলাকায় একটি চক্র ইজি বাইক চুরির চেষ্টা চালাচ্ছে—এমন টের পেয়ে স্থানীয়রা সজাগ হন। চোরেরা গাড়িটি নিয়ে পালানোর সময় এলাকাবাসী তাদের ধাওয়া করেন। পরে ধাওয়া করে চাঁদপুর সদর এলাকায় গিয়ে তাদের আটক করতে সক্ষম হন জনতা।
আটককৃতদের মধ্যে একজনের বাড়ি হাইমচরের লামছড়ি গ্রামের মুন্সিবাড়ি এবং তার নাম বিল্লাল হোসেন। অপরজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
পরদিন সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী আটককৃতদের হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে হাইমচর থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চালানো হবে।














