নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় হাসান আলী হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির নীরব সৈনিক। তাদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে। সরকার প্রবাসীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে নিরলস কাজ করছে। দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমেই আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব।”
তিনি আরও আশ্বাস দেন যে, প্রবাসীদের অধিকার রক্ষা এবং তাদের পরিবার যেন যেকোনো সংকটে দ্রুত সহায়তা পায়, সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।
অনুষ্ঠানে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়: সর্বোচ্চ রেমিট্যান্স দাতা সম্মাননা: সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী ও তাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য ‘প্রতিবন্ধী ভাতা’ এবং অভিবাসন প্রত্যাশীদের মাঝে ঋণের চেক হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
দিবসটি উপলক্ষে আয়োজিত মেলায় ৫টি স্টল অংশ নেয়। সিসিডিএ, প্রবাসী কল্যাণ ব্যাংক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা প্রদর্শন করে। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক স্টলগুলো পরিদর্শন করেন।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার সাদিয়া শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, সিসিডিএ’র জেলা সমন্বয়কারী মো. নাজমুল আহসান, রেমিট্যান্স যোদ্ধা জামাল হোসেন মোল্লা ও শাহজালাল মোল্লা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিদেশে গমনেচ্ছুক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক রেমিট্যান্স যোদ্ধার পরিবার উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













