নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান বলেছেন, চাঁদপুরের সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং কিশোর গ্যাং বা বখাটেপনা রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সভায় জেলা প্রশাসক স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, “সন্ধ্যার পর চাঁদপুরের কোনো উপজেলায় সড়কে কোনো কিশোর আড্ডারত অবস্থায় থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
চাঁদপুরের সংসদ সদস্যবৃন্দ, জেলার শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, চাঁদপুরকে একটি আদর্শ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। কিশোরদের সঠিক পথে ফেরাতে এবং সামাজিক অবক্ষয় রোধে কোনো ছাড় দেওয়া হবে না।”
সভায় উপস্থিত সংসদ সদস্যবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা জেলা প্রশাসকের এই সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানান এবং জেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের সাথে একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।













