হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে পুলিশের বিশেষ অভিযানে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহমুদুর রহমান পাটোয়ারী ওরফে রাহুল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর গন্ডামারা এলাকার মক্তব মসজিদের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে হাইমচর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই প্রিয়লাল ঘোষ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন রাহুলের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় হাইমচর থানায় মামলা দায়ের করা হয়েছে।
হাইমচর থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার (২ নভেম্বর) যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।












