ফরিদগঞ্জ প্রতিনিধি :
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
শুক্রবার (১ মে ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে ফরিদগঞ্জ শ্রমিকদল, পৌর শ্রমিকদলসহ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন, যা দিনটির তাৎপর্যকে আরও অর্থবহ করে তোলে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আজিম খান, সাধারণ সম্পাদক দুলাল মিয়া জমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান পাটোয়ারী, পৌর শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম পিঙ্কু এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাই তাদের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা জরুরি।
উল্লেখ্য, প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে মে দিবস পালিত হয়। বাংলাদেশেও দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়ে থাকে, যেখানে শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা এবং অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।













