নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধিদল। আজ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে পৌঁছালে প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরিদর্শনকালে ইইউ প্রতিনিধিদলের সদস্যদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ। এসময় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ক্রেস্ট প্রদানের পর প্রতিনিধিদলের সদস্যরা চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে প্রতিনিধিদল চাঁদপুরের স্থানীয় সাংবাদিকতার পরিবেশ, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপট এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রতিনিধিদলকে চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য এবং দীর্ঘদিনের সাংবাদিকতার চর্চা সম্পর্কে অবহিত করেন। ইইউ প্রতিনিধিদল প্রেসক্লাবের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন এবং অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে প্রতিনিধিদল প্রেসক্লাবের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।













