হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মো. শাহিন গাজী (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের একটি দল হাইমচর থানাধীন ২ নং উত্তর আলগী ইউনিয়নের উত্তর আলগী গ্রামের গাজী বাড়িতে এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আসামির নিজ বসতঘরের পশ্চিম পাশের কক্ষ তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে থাকা কমলা রঙের ৫১ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় হাইমচর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।














