হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার উত্তর পাড়াবগুলা ও চরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাইমচর উপজেলার উত্তর পাড়াবগুলা গ্রামের সরদার বাড়ির মিলন সরদারের ছেলে মো. হিরন সরদার (২৭) এবং চরভাঙ্গা গ্রামের বেপারী বাড়ির নুরুল হক বেপারীর ছেলে মো. হযরত আলী (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে এসআই ফারুক উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর পাড়াবগুলা এলাকায় আলগী-চরভৈরবী সড়কে হুমায়ুনের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে হিরন সরদারকে তিন পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
একই রাতে ১১টা ১০ মিনিটে পিএসআই সৌরভ দাশের নেতৃত্বে পুলিশের আরেকটি দল চরভাঙ্গা এলাকায় সাবু মাস্টারের মোড় থেকে জনতা বাজারগামী সড়কের খালপাড়সংলগ্ন মাতাব্বর বাড়ির সামনে অভিযান চালিয়ে হযরত আলীকে দুই পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবার সার্বিক নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার দুজনকে বুধবার (২৮ অক্টোবর) যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।













