ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি)-এর ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু সভাপতি পদে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা বিআরডিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির মোট ১৯৮ জন ভোটারের মধ্যে ১৮২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছিলেন। এর মধ্যে ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে: জাহাঙ্গীর আলম নান্টু (ছাতা প্রতীক): ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। আব্দুল খালেক পাটওয়ারী (চেয়ার প্রতীক): ৬৮ ভোট পেয়েছেন।
বিজিত প্রার্থী আব্দুল খালেক পাটওয়ারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। দলীয় দুই নেতার এই লড়াই নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সমবায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সভাপতি পদে ভোটাভুটি হলেও অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তারা হলেন সহ-সভাপতি: নুরু নবী মানিক, সদস্য: মোতালেব পাটওয়ারী, মানিক চন্দ্র দাস ও ফরিদ আহম্মেদ খান।
বিকেল সাড়ে ৩টায় নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মতলব উত্তর উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম নান্টু ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিআরডিবি-কে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচন চলাকালীন সমবায় কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। উৎসবমুখর পরিবেশে প্রিয় প্রার্থীকে ভোট দিতে পেরে ভোটাররাও সন্তোষ প্রকাশ করেছেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













