হাইমচর প্রতিনিধি:
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহকে কাছে পেয়ে এক নতুন রাজনৈতিক ঐক্যের বার্তা দিলেন তরিকতপন্থী সুন্নী জনতা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হাইমচর উপজেলার আলগী বাজারে প্রার্থীর স্বতঃস্ফূর্ত গণসংযোগে ‘তরিকতপন্থীরা এবার একজোট, মোমবাতিতে দিবো ভোট’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
আলগী বাজারে গণসংযোগে অংশ নেওয়া তরিকতপন্থী আপামর সুন্নী জনতা তাদের আবেগ প্রকাশ করে বলেন, “আমরা তরিকতপন্থী, আমরা সুন্নী। আমরা পীর আউলিয়ার অনুসারী। এবার আমরা একজোট। আমাদের ভোট এবার সুন্নী জোটের মার্কা মোমবাতি মার্কায় দিবো।” এই অভূতপূর্ব সাড়া ইঙ্গিত দেয় যে, পীর-মাশায়েখের অনুসারীরা এবার একটি নির্দিষ্ট প্রতীকের ছায়াতলে একত্রিত হচ্ছেন।
দুপুর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই গণসংযোগ। মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ আলগী বাজারের সহস্রাধিক দোকানের প্রত্যেকটিতে সশরীরে গিয়ে ভোট প্রার্থনা করেন। তাঁর এই গণসংযোগে দলীয় নেতা-কর্মী ছাড়াও প্রায় অর্ধশত সাধারণ মুসল্লি স্বেচ্ছায় অংশ নেন, যা এটিকে দলীয় কর্মসূচির চেয়েও বেশি একটি জন-সম্পৃক্ত অনুষ্ঠানে পরিণত করে।
আছর নামাজের বিরতিতে তিনি আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আলগী বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা জিল্লুর রহমান ফারুকীর সাথে তাঁর সাক্ষাৎ হয়। প্রার্থী আহসান উল্লাহ তাঁর কাছে আন্তরিকতাপূর্ণ শুভেচ্ছা বিনিময় করে দোয়া কামনা করেন।
গণসংযোগে প্রার্থীর সাথে ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা খাজা জোবায়ের, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, ইসলামী ফ্রন্ট চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নবাব খান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ কামরুল হাসান বাবু, সদর উপজেলার সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাগরিব নামাজের পর, প্রার্থী আহসান উল্লাহ ছারছীনা দরবার শরীফের খানকা শরীফে অনুষ্ঠিত তালিমি জলছায় উপস্থিত হন। সেখানে তিনি জমইয়াতে হিযবুল্লাহর সকল দ্বীনি ভাইয়ের কাছে সালাম দিয়ে মোমবাতি মার্কার জন্য বিশেষভাবে দোয়া চান।
তরিকতপন্থী সুন্নী জনতার এই স্বতঃস্ফূর্ত সমর্থন চাঁদপুর-৩ আসনে মোমবাতি প্রতীকের পক্ষে একটি শক্তিশালী জনমত তৈরির ইঙ্গিত দিচ্ছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













