ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে অবস্থিত বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, “এই বিদায় হলো শিক্ষার পরবর্তী ধাপে যাত্রা শুরুর জন্যে। শিক্ষা হলো একটি মাধ্যম, যা ছাড়া সবকিছুই অচল। তাই শিক্ষার্থী যেই প্রতিষ্ঠানেই অধ্যয়ন করুক না কেন, তা যেন পরিপূর্ণ হয়—তা মাথায় রাখতে হবে।”
তিনি দেশের প্রাথমিক শিক্ষায় কিন্ডারগার্টেনের ভূমিকা তুলে ধরে বলেন, “এদেশে কিন্ডারগার্টেনগুলো প্রাথমিক শিক্ষায় বৈচিত্র্য এনেছে।” শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে তিনি জোর দিয়ে বলেন, “শিক্ষাকে কঠিন নয়, বাস্তবমুখী করতে হবে। শিক্ষার্থীরা যাতে সহজেই তা নিতে পারে, সেভাবে শেখাতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, কোনোভাবেই যেন শিক্ষার্থীদের কাছে শিক্ষা বোঝা না হয়।”
ইউএনও আরও বলেন, “শিক্ষা আমাদের অধিকার। সেই অধিকারকে রক্ষা ও বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগসূত্র তৈরি করা খুব বেশি প্রয়োজন। তবেই আমাদের শিক্ষার মানের উন্নয়ন ঘটবে। একই সাথে শিক্ষাকে শুধু শ্রেণিকক্ষের মধ্যে বেঁধে রাখলে চলবে না, তাকে খেলার মাঠে ও সাহিত্য সংস্কৃতির মঞ্চে সহশিক্ষা পাঠক্রমের মাধ্যমে নিয়ে যেতে হবে। তবেই প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের মেধার স্ফুরণ আমরা দেখতে পাব।”
বর্ণমালা কিন্ডারগার্টেনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান এবং সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালক মামুন হোসাইন।
আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তাদের পরীক্ষার প্রবেশপত্রসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। সবশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এক দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













