স্টাফ রির্পোটার:
চাঁদপুরের ডাকাতিয়া নদীতে এক অজ্ঞাতপরিচয় নারীকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে এক জেলের বিরুদ্ধে। স্থানীয় জনতা অভিযুক্ত জেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পুরান বাজার এলাকার ডাকাতিয়া নদীর ১ নং ঘাট এলাকায়।
জানা যায়, সখিপুর থানার তারাবুনিয়ার দর্জিকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসেন (৩১) তার মাছ ধরার নৌকাটি ১ নং ঘাটে নোঙর করে রেখেছিল। অভিযোগ অনুযায়ী, ওই নৌকায় মনির হোসেন একজন অজ্ঞাত নারীকে এনে তার সঙ্গে যৌন লালসা পূরণ করে। পরে সে ওই নারীকে নৌকা থেকে জোরপূর্বক ডাকাতিয়া নদীতে ফেলে দেয় বলে পার্শ্ববর্তী একটি ট্রলারের মাঝি রুবেল ও সুমন দেখতে পান।
প্রত্যক্ষদর্শী রুবেল ও সুমন স্থানীয়দের দ্রুত বিষয়টি অবগত করেন। তারা জানান, তারা নিজ চোখে দেখেছেন যে নারীটি নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে আটক মনিরের নৌকা ধরে বাঁচার চেষ্টা করছিলেন। কিন্তু অভিযুক্ত মনির হোসেন তাকে উদ্ধার না করে বরং তাকে জোরপূর্বক ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়।
স্থানীয় লোকজন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অন্য নৌকা নিয়ে ঘাতক মনির হোসেনকে ধাওয়া করে হাতেনাতে ধরে ফেলে। এ সময় মনিরের কাছ থেকে বেশ কয়েকটি যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। নারীকে নদীতে ফেলে দেওয়ার পর তার পরিধেয় বস্ত্র জেলের নৌকার পাখার সঙ্গে আটকানো অবস্থায় দেখতে পায় পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ পুলিশ এবং পুরান বাজার ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। জনতার হাতে আটক মনির হোসেনকে পরবর্তীতে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং চাঁদপুর নৌ থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ জানায়, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত নারীর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













