হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে চাঁদার ১ লাখ টাকা না দেওয়ায় একটি নিরীহ পরিবারের ওপর হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফরিদা বেগম বাদী হয়ে হাইমচর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ এজাহারনামীয় দুই প্রধান আসামিকে আটক করেছে।
শুক্রবার (২৪ জুলাই) জুম্মার নামাজ শেষে হাইমচরের ভিঙ্গুলিয়া বায়তুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া (গাজী বাড়ি) গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বাবু গাজী (৩০), রাফি গাজী (২৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ১ নং আসামি নাজমুল হোসেন বাবু গাজী বাদী ফরিদা বেগমের স্বামী মান্নান শেখের নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা তার পথরোধ করে চাঁদার টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে রামদা, লোহার পাইপ ও ছেনী নিয়ে হামলা চালিয়ে মান্নান শেখসহ চারজনকে গুরুতর আহত করা হয়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান জানান, এই হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় দুজনকে আটক করা হয়েছে। আহত চারজন বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।












