স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পানির ট্যাংকি মোড়ে র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলের আদর্শকে বুকে ধারণ করে মতলবের বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সরকার জাতীয় নির্বাচনের আগে যে গণভোটের ব্যবস্থা করতে চায়, জনগণ তা প্রত্যাখ্যান করবে এবং নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র যুবদল শক্ত হাতে প্রতিহত করবে। তিনি নেতাকর্মীদের ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জনগণের কাতারে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং মা-বোনদের কাছে তারেক রহমানের সালাম পৌঁছানোর আহ্বান জানান।
ড. জালাল উদ্দিন দলের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের ঝগড়া-বিবাদ না করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন এবং বলেন, যতদিন পর্যন্ত দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা না করেন, ততদিন পর্যন্ত সবাই ধানের শীষে ভোট চাইবেন।
মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান সরকারের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক বাদল। তিনি জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ড. মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে বিশাল র্যালি মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আরো দেখুন: https://haimcharprotidin.com/













