হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (২১) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর আলগী গ্রামের ৫নং ওয়ার্ডের ছৈয়াল বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন ছৈয়াল বাড়ির শুক্রর ছৈয়ালের ছোট ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোবারক হোসেন ছৈয়াল (২০) সম্প্রতি একটি নতুন জালি ফ্যান কিনেছিলেন। সোমবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন তিনি নিজেই ফ্যানটি সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন। অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোবারককে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানাযায়, মোবারক পরিবারের ৪ ভাই ৩ বোনের মধ্যে সবার ছোট ছিলো। পরিবার এবং এলাকার সকলের আদরের ছিলো মোবারক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইমচর থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর দাস জানান, যুবকটি কিছুটা সহজ-সরল প্রকৃতির ছিলেন। কারো সহযোগিতা ছাড়াই নিজে ইলেকট্রিক কাজ করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। পরিবারের অগোচরে কাজ করতে যাওয়ায় তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি।
এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।











