হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে মো. জাকির হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) হাইমচর উপজেলার দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় মনসুর ব্যাপারীর চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার নির্দেশনায় থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়।
পরে তাকে চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরীক্ষা করানো হলে পরীক্ষার প্রতিবেদনে Methamphetamine (MET) ও Benzodiazepines (BZO) পজিটিভ ফল পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার জাকির হোসেন হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর এলাকার আব্দুল ঢালী বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল ঢালী এবং মায়ের নাম বিলকিছ বেগম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ ধারায় হাইমচর থানায় মামলা হয়েছে। মামলাটি ৮ অক্টোবর দায়ের করা হয়। মামলার নম্বর এফআইআর-২ এবং জিআর-২৬৪।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্রেপ্তার জাকির হোসেনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।














