ঝালকাঠি প্রতিনিধি:
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম বা ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন—কোনোটিই আইন বা সংবিধানের ভিত্তিতে হয়নি, বরং ছিল মানুষের মুক্তির আকাঙ্ক্ষার ফল। তিনি দাবি করেন, দেশের সাধারণ জনগণের মুক্তির লড়াইয়ে অংশগ্রহণের মাধ্যমেই স্বাধীনতা অর্জিত হয়েছিল এবং ২০২৪ সালের আন্দোলনেও ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ঐক্যই ছিল ফ্যাসিবাদী সরকারের পতনের মূল শক্তি।
গতকাল রবিবার (২ নভেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্বাধীনতার পর দেশে দুর্বৃত্তায়নের কারণে যেমনি দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ঠিক তেমনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে শুরুতে জনগণ সক্রিয় না হলেও পরে সকল শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়ে মুক্তির আন্দোলন সফল করেছে।
তিনি জোর দিয়ে বলেন, গণঅভ্যুত্থানে কারও একার কৃতিত্ব নেই—রিকশাচালক, বৃদ্ধা মা, পথচারী, দারোয়ান—সবাই এই আন্দোলনের অংশ ছিলেন।
সরকারের কঠোর সমালোচনা করে এবি পার্টির সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এমনভাবে দেশকে আগ্রাসন করেছে যে প্রশাসন ও প্রতিরক্ষা বাহিনীর অনেক কর্মকর্তা দেশ ছেড়ে শত্রু দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, তাদের এই অপতৎপরতার কারণেই দেশ এখন হুমকির মুখে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ জানান, এবি পার্টি ইতোমধ্যে দেশের ৩০০ আসনের মধ্যে ১০৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে।
তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে দলীয় সরকারের অধীনে কোনো অর্থবহ গণভোট সম্ভব নয়। সংসদীয় কাঠামোর সমালোচনা করে তিনি বলেন, উচ্চকক্ষ-নিম্নকক্ষের বিভাজন করলে সংসদ সদস্যরা গরুর বাজারের মতো দরকষাকষি শুরু করবে।
তিনি আরও বলেন, “আমরা আগামী সরকারের অংশীদার হবো না, আমরা রাজনীতি করবো — সবাই মিলে কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাই।”
মতবিনিময় সভায় এবি পার্টির ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনের মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক মো. জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশিরসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/












