নিজস্ব প্রতিবেদক:
অভিনব কায়দায় ইয়াবা পাচারের চেষ্টার সময় বগুড়ার শাজাহানপুর থেকে ননদ ও ভাবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের শরীরের তল্লাশি চালিয়ে দুইজনের পায়ের সঙ্গে স্কচটেপে শক্তভাবে পেঁচানো অবস্থায় মোট ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন দিপা আক্তার (৩০): বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং সম্পর্কে ননদ। নুর-নাহার (৪০): খুলনার রূপসা থানার নৈহাটি গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে দিপা আক্তারের ভাবী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর, ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে, ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের একটি দল উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালায়। বাসটিতে পাশাপাশি সিটে বসে থাকা ওই দুই নারীর সন্দেহজনক আচরণ দেখে ডিএনসির সদস্যরা তাদের দেহ তল্লাশি করেন। তল্লাশির সময় দেখা যায়, অত্যন্ত অভিনব কায়দায় তাদের দুইজনের পায়ের সঙ্গে স্কচটেপ দিয়ে শক্তভাবে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পেঁচিয়ে লুকিয়ে রাখা হয়েছে।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান শুক্রবার (২৭ নভেম্বর, ২০২৫) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা দীর্ঘদিন ধরে মাদক বহনের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তারকৃত দিপা আক্তার ও নুর-নাহারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













