নিজস্ব প্রতিবেদক:
“নিরাপদ সড়ক চাই” পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় – এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে ২২ অক্টোবর ২০২৫, বুধবার, চাঁদপুরের কচুয়া উপজেলা শাখায় ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আয়োজিত র্যালি ও সমাবেশে প্রধান বক্তা হিসেবে মাদকের কুফল ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে কচুয়ায়ও র্যালি ও সমাবেশের আয়োজন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখা। র্যালিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, নিসচা’র সদস্য ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে জনাব মুঃ মিজানুর রহমান সড়ক নিরাপত্তার জন্য মাদকমুক্ত ড্রাইভিং-এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, “মাদকাসক্ত ড্রাইভার থাকিলে কখনোই নিরাপদ সড়ক আশা করা যায় না।”

সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান আরও বলেন, মাদক কেবল ব্যক্তিজীবন নয়, সামগ্রিকভাবে সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনে। মাদক সেবন করে গাড়ি চালানো কেবল আইনত দণ্ডনীয় অপরাধই নয়, এটি সড়কের প্রতিটি মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলে দেয়। মাদকাসক্ত অবস্থায় চালকের শারীরিক ও মানসিক সতর্কতা কমে যায়, যা মারাত্মক সড়ক দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে অন্যতম। তিনি মাদকাসক্তি রোধে সকলের সচেতনতা এবং মাদকাসক্ত ড্রাইভারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য চালক, পথচারী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সচেতন হওয়ার পাশাপাশি মাদকের ভয়াল থাবা থেকে সকলকে দূরে থাকার জন্য তিনি অনুরোধ জানান।
নিসচা কচুয়া উপজেলা শাখার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অন্যান্য বক্তারাও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার এবং অহেতুক দ্রুত গতি পরিহার করার আহ্বান জানান। তারা বলেন, ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’ এর এই আন্দোলনকে সফল করতে সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ জরুরি।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর দিনটিকে স্মরণ করে এবং সড়ক দুর্ঘটনার ভয়াবহতা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে সরকার ২০১৭ সালে এই দিনটিকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে ঘোষণা করে।
আরো দেখুন: https://haimcharprotidin.com/











