হাইমচর অফিস:
চাঁদপুরের হাইমচরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়-এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ। সভায় দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল বারেক বকাউল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কে এম আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, “মহান ভাষা শহীদদের স্মৃতি রক্ষা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও আলোচনা সভার আয়োজন করা হবে।”
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে একটি উদযাপন কমিটিও গঠন করা হয়।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













