হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় রাত ১১টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
পাশাপাশি, বিদ্যুৎ না থাকার কারণ জানতে ও অভিযোগ জানাতে গিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের ফোনে বারবার চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতের পর থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি চরমে পৌঁছায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানির মোটর চালানো যায়নি, যার ফলে ব্যাহত হয়েছে দৈনন্দিন গৃহস্থালি কাজও।
ভুক্তভোগী এক গ্রাহক অভিযোগ করে জানান, বিদ্যুৎ না থাকার বিষয়ে জানতে ও অভিযোগ জানাতে তিনি হাইমচর পল্লী বিদ্যুৎ অফিসে ৩৯ বার ফোন করেছেন। কিন্তু দুঃখজনকভাবে একবারও ফোন রিসিভ করা হয়নি। স্থানীয় গ্রাহকদের প্রশ্ন, বিদ্যুৎ বিপর্যয়ের পাশাপাশি অভিযোগ জানাতেও যদি অফিসের ফোনে সাড়া না পাওয়া যায়, তবে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানাবেন কোথায়?
এ বিষয়ে জানতে চাইলে হাইমচর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. নাসিম উজ জামান জানান, ‘রাত সাড়ে ১১টা থেকেই আমাদের মূল গ্রেডে সমস্যা হয়েছে এবং পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমরা সমস্যাটি চিহ্নিত করেছি; ফরিদগঞ্জ থেকে আসা দুটি কেবল পুড়ে গেছে এবং সেগুলো পরিবর্তনের কাজ চলছে। আশা করা যাচ্ছে, বেলা ১২টার মধ্যে লাইন সচল করা সম্ভব হবে।’
এদিকে, দীর্ঘমেয়াদী এই বিদ্যুৎ বিভ্রাট ও গ্রাহকদের ফোন রিসিভ না করার হটকারী আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গ্রহণে একটি কার্যকর ও জবাবদিহিমূলক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।












