নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী এলাকা। এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তাঁর সাথে উপস্থিত থেকে আনুষ্ঠানিক সমর্থন জানান ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মুহাম্মদ ইউনূস।
মনোনয়নপত্র সংগ্রহের সময় শরীফ মুহাম্মদ ইউনূস তাঁর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে লায়ন হারুনুর রশিদের পাশে দাঁড়ান। স্থানীয় রাজনীতিতে এই দুই নেতার ঐক্যবদ্ধ অবস্থানকে তৃণমূল নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন। সাধারণ কর্মীদের মতে, শরীফ মুহাম্মদ ইউনূসের এই প্রকাশ্য সমর্থন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আজ ঐক্যবদ্ধ। ফরিদগঞ্জের সাধারণ মানুষ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে মুখিয়ে আছে। শরীফ মুহাম্মদ ইউনূসসহ দলের সকল স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ ধানের শীষের বড় জয় উপহার দেব।”
এদিন লায়ন হারুনুর রশিদের মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শত শত নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে উপজেলা চত্বরে জমায়েত হন এবং ধানের শীষের পক্ষে স্লোগান দেন। উপস্থিত নেতাকর্মীরা জানান, ফরিদগঞ্জ বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবারও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের গোড়ার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













