বিশেষ প্রতিনিধি:
মতলব দক্ষিণ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহবায়ক কে এম ইশমাম বলেছেন, যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া চর্চার মাধ্যমেই তরুণ প্রজন্মকে মাদক ও নানা অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যদের সাথে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় নবাগত ইউএনও বলেন, “আমাদের লক্ষ্য মতলবের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরায় চাঙ্গা করা। খুব শীঘ্রই একটি বড় পরিসরে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে। যুব ও তরুণ সমাজকে মাঠমুখী করতে ক্রীড়া সংস্থাকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, নিয়মিত ক্রীড়া আসর আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা হবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে উপজেলার নাম উজ্জ্বল করবে।
মতবিনিময় সভায় উপজেলার ক্রীড়া উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন: উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মুজাহিদুল ইসলাম কিরণ, ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান কাজল, বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম, ছাত্র প্রতিনিধি মো. ফয়সাল খন্দকার।
এ সময় ক্রীড়া সংগঠক আক্তার হোসেন লিটনসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সদস্যরা নবাগত ইউএনও-এর ক্রীড়াবান্ধব উদ্যোগকে স্বাগত জানান এবং মতলবের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













