ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রুপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর বালুর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীকে বিজয়ী করার লক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ই নভেম্বর (শুক্রবার) উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি নাসরুল্লাহ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমির ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিক সমাজ দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। আপনাদের সমর্থন ও সহযোগিতা থাকলে ফরিদগঞ্জকে শিক্ষায়, স্বাস্থ্যসেবায় ও অবকাঠামোগত উন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব। আপনারা ন্যায়ের পক্ষে ভোট দিয়ে সমাজ ও দেশের মঙ্গলের জন্য কাজ করবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল, নায়েবে আমির কফিল উদ্দিন, সহ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের চলমান সংকট মোকাবিলায় শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। সমাবেশে বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।













