নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জেলার সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ বছর জেলায় এককভাবে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে প্রথম স্থান অর্জন করেছেন জনতা ব্যাংক পিএলসি-এর গ্রাহক জামাল হোসেন মোল্লা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর সর্বোচ্চ একক বৈদেশিক রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ তিন প্রবাসীর সবাই জনতা ব্যাংক পিএলসি, নতুন বাজার কর্পোরেট শাখার গ্রাহক। তাদের মধ্যে গুয়াখোলার বাসিন্দা জামাল হোসেন মোল্লা প্রথম, মোহাম্মদ মজিবুর রহমান দ্বিতীয় এবং মোঃ শাহজালাল তৃতীয় স্থান অর্জন করেছেন।
এই অর্জনের মধ্য দিয়ে একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছে জনতা ব্যাংক পিএলসি, নতুন বাজার কর্পোরেট শাখা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই শাখার গ্রাহকরা ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ষষ্ঠবারের মতো জেলায় সর্বোচ্চ একক রেমিট্যান্স আহরণকারী হিসেবে প্রথম পুরস্কার অর্জনের গৌরবময় রেকর্ড গড়েছেন। চাঁদপুরের প্রবাসী অর্থনীতিতে ব্যাংকটির এই ধারাবাহিক সাফল্য ও নির্ভরযোগ্যতা জনমনে ব্যাপক প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাগণ। এছাড়াও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন।
সম্মাননা প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করে রেমিট্যান্স যোদ্ধা জামাল হোসেন মোল্লা বলেন, “রাষ্ট্র ও জেলা প্রশাসনের এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্বের। এমন সম্মাননা প্রবাসীদের আরও উৎসাহিত করবে। দেশের অর্থনীতিতে অবদান রাখতে আমরা ভবিষ্যতে আরও বেশি অনুপ্রাণিত হব।”
বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে অংশ নেওয়ায় তারা প্রবাসীদের ধন্যবাদ জানান এবং জনতা ব্যাংকের এই ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













