স্টাফ রিপোর্টার:
সড়ক নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা রোধের লক্ষ্যে খুলনা নগরীতে বিনামূল্যে হেলমেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। খুলনা সড়ক বিভাগ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) যৌথ উদ্যোগে গতকাল সোমবার (২০ অক্টোবর) নগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড় ও জিরোপয়েন্ট এলাকায় এই বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালকদের হাতে নতুন হেলমেট তুলে দেওয়া হয় এবং একই সাথে তাদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
এই উদ্যোগ প্রসঙ্গে কেএমপি’র সহকারি কমিশনার (মিডিয়া) খন্দকার আহম্মদ বাসসকে জানান, “সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও নিরাপত্তা সচেতনতা জাগ্রত করতেই চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়েছে। একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহার করা কোনো বস্তু নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক। একটি ছোট্ট সতর্কতা একটি পরিবারকে বাঁচাতে পারে।” তিনি সকল মোটরসাইকেল চালকদের সড়কে চলাচলের সময় বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য আহ্বান জানান।
কর্মসূচি চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্টসহ অন্যান্য অফিসারবৃন্দ এবং খুলনা সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের প্রচারণামূলক কার্যক্রম খুলনা নগরী তথা সারাদেশে সড়ক দুর্ঘটনার হার কমাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








