হাইমচর অফিস:
চাঁদপুরের হাইমচরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমের কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।
উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী। এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি খরিপ-২ মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১ হাজার ৭৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনা সুবিধার আওতায় আসছেন। এর মধ্যেআমন ধান (৭০০ জন): প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
গ্রীষ্মকালীন সবজি (৫৫০ জন): ৩০০ গ্রাম ওজনের ৭ প্রকারের সবজি বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার। বৃক্ষ রোপণ (৪৫০ জন): ৫টি গাছের চারা, ৪০ কেজি ভার্মিকম্পোস্ট সার ও ৫টি খুঁটি। মরিচ চাষ (৫০ জন): ১০ গ্রাম মরিচের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার ও ১ কেজি ট্রাইকো পাউডার। লেবু চাষ (২৫ জন): ৫টি লেবুর চারা ও ১০ কেজি ভার্মিকম্পোস্ট সার।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফলন বৃদ্ধিতে বর্তমান সরকারের এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক সময়ে সঠিক পরিচর্যার মাধ্যমে এই বীজ ও সারের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।













