কচুয়া প্রতিনিধি:
পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে চাঁদপুরের কচুয়া উপজেলায়। উপজেলার বাইছারা নোয়াপাড়া এলাকায় শনিবার (২২ নভেম্বর) বিকেলে নিজের ছেলের ধারালো দায়ের কোপে প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সী আব্দুল খালেক। নৃশংস এই ঘটনায় আব্দুল খালেকের মাথা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাবা আব্দুল খালেক ও ছেলে মো. হোসাইনের (৩৫) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে হোসাইন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে বাবার মাথা ও শরীরের ওপর একের পর এক এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। আঘাতের ভয়াবহতায় ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর পর ঘাতক ছেলে মো. হোসাইন পালানোর চেষ্টা করলে তারা তাকে হাতেনাতে আটক করে এবং পরে পুলিশে সোপর্দ করেন।
নিহতের পরিবার দাবি করেছে, অভিযুক্ত মো. হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
নিহতের বড় ছেলে নোমান সরকার গভীর শোক প্রকাশ করে বলেন, “আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিল ঠিকই, কিন্তু এমন নৃশংস ঘটনা ঘটাবে, তা আমরা কখনো কল্পনাও করিনি। আমরা সবাই এখন দিশেহারা।”
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ঘটনার নিন্দা জানিয়ে হত্যাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “জনতা হোসাইনকে পালানোর সময় আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরো পড়ুন: www.haimcharprotidin.com













