নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন দেলু (৩২) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসানের তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান চালায়। উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর ও তার সঙ্গীয় ফোর্স উপজেলার বেলতলী ব্রীজ সংলগ্ন এলাকায় ওত পেতে থেকে চিহ্নিত মাদক সম্রাট দেলোয়ার হোসেন দেলুকে বিপুল পরিমাণ গাঁজাসহ হাতেনাতে আটক করে।
আটককৃত দেলোয়ার হোসেন দেলু কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে। এলাকায় সে ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত।
সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানান:
“আটককৃত দেলু দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মতলব, মুন্সীগঞ্জ ও কুমিল্লাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে একজন পেশাদার মাদক কারবারি।”
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান সংবাদমাধ্যমকে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













