স্টাফ রিপোর্টার:
‘ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চাকা সচল রাখে’—এই মন্তব্য করে ঐতিহ্যবাহী বাণিজ্য-বন্দর চাঁদপুরের ব্যবসায়ীদের সমস্যা নিরসন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন এফবিসিসিআই’র জেনারেল বডি মেম্বার এবং চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
সোমবার (৮ ডিসেম্বর ) রাতে মুনিরা ভবনে চাঁদপুরের ৫৫টি ব্যবসায়ী সংগঠনের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আপনারা আজকে যারা এখানে এসেছেন, তারা ৫০ হাজার লোকের প্রতিনিধিত্ব করছেন। আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনাদের দ্বারাই ৫০ হাজার ভোট আসবে আমার পক্ষে।”
তিনি চাঁদপুরের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, “চাঁদপুরকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেন, তাহলে চাঁদপুরের উন্নয়নে আমরা একসাথে কাজ করবো।”
নির্বাচিত হলে চাঁদপুরের মেগা প্রজেক্টগুলো সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই বিএনপি প্রার্থী। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করবেন। তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতায় গেলে সরকারের কোনো টাকা অপচয় হতে দেবেন না।
ব্যবসায়িক পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “গত ১৫ মাসে চাঁদপুরের ব্যবসায়ী মহলে চাঁদাবাজ শব্দটি নেই।” একইসঙ্গে তিনি মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে নির্বাচনের পরে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ। সভা পরিচালনা করেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সদস্য রোটা. শরীফ মো. আশ্রাফুল হক।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন: চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ফারুক হোসেন মৃধা, চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ চন্দ্র মালাকার, মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা ফুল মিয়া, পালবাজার আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, চাঁদপুর প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ।
এছাড়াও বরফকল মালিক সমিতি, চাঁদপুর ডেভলপারস সমিতি, বাংলাদেশ পুস্তক ও প্রকাশক সমিতি, রেলওয়ে হকার্স মার্কেট সমিতি, বস্ত্র মালিক সমিতি, পরিবেশক ও ব্যবসায়ী সমিতি, বেকারী মালিক সমিতি, আবাসিক হোটেল মালিক সমিতি, ঔষধ ব্যবসায়ী সমিতি এবং রড সিমেন্ট ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













