হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় ব্যবসায়ীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) বিকেল উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের পূর্বচর কৃষ্ণপুর গ্রামে আলগী বাজারের এক ব্যবসায়ীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
নিহত গৃহবধূর নাম সানজিদা বেগম (৩৩)। তিনি পূর্বার কৃষ্ণপুর গ্রামের তপাদার বাড়ির আলগী বাজারের ব্যবসায়ী হুমায়ুন তপাদারের স্ত্রী এবং আব্দুল খালেক ও ফাতেমা বেগমের দ্বিতীয় সন্তান।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তার বড় মেয়ে স্কুল থেকে আসার পরে দরজা বন্ধ দেখে থাই জানালা দিয়ে দেখতে পায় তার মা সানজিদা বেগম ফ্যানের পাখার সাথে গলায় ফাঁস দেন। খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও দরজা ভেঙ্গে তাকে বাঁচানো সম্ভব হয়নি। সানজিদা দুই সন্তানের জননী, তার বড় মেয়ে লামিয়া আক্তার মিম (১২) এবং সামিয়া (৮)।
তার বড় মেয়ে লামিয়া আক্তার বলেন, বাবার সাথে আম্মুর কোনো ঝামেলা বা কথা কাটাকাটি দেখিনাই। আজকে সকালে আমি স্কুলে যাওয়ার সময় আম্মু আমাকে বলে তোমার ছোট বোনকে তুমি দেখে রেখো, পরে আমি আম্মুকে জিজ্ঞেস করি কেন আমাকে এটা বললা, তিনি আমাকে বলেন এমনি বললাম। আমি স্কুল থেকে আসার পরে আম্মু দরজা বন্ধ দেখে থাই জানালা দিয়ে দেখি আম্মু ফাঁসি দিয়েছে পরে আমি চিৎকার করি এবং অনেকেই এসে দরজা ভেঙ্গে দেখে আম্মু ফ্যানের সাথে ঝুলছে। আম্মু একটু অসুস্থ ছিলেন কিছুদিন আগে আব্বু নিয়ে গিয়ে ঢাকায় ডাক্তার দেখিয়েছেন।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহআলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি শোনার সাথে সাথেই আমাদের পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক সুরতহাল শেষে বোঝা যাচ্ছে এটি একটি আত্ম, তবে পরবর্তী আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও সার্বিক তদন্তের ভিত্তিতে গৃহবধূর আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













