নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে মতলব বাজারের কলেজ গেইট রোডে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. হোসেন। তিনি ওই এলাকার ‘জননী এন্টারপ্রাইজ’-এর মালিক। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সারাদেশে একটি সিন্ডিকেট চক্রের যোগসাজশে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে গ্যাস বিক্রি করছে—এমন তথ্যের ভিত্তিতে প্রশাসন তৎপর ছিল। এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি মতলব বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সে সময় জননী এন্টারপ্রাইজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছিল।
সতর্ক করার পরও আজ দুপুরে জননী এন্টারপ্রাইজের মালিক মো. হোসেন পুনরায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছিলেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান এবং তাকে হাতেনাতে ধরেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এই দণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা সাংবাদিকদের বলেন: “উক্ত ব্যবসায়ীকে এর আগেও একই অপরাধে জরিমানা করা হয়েছিল। কিন্তু তিনি সংশোধিত না হয়ে পুনরায় জনস্বার্থ বিঘ্নিত করছিলেন। তাই এবার জরিমানা ও কারাদণ্ড উভয় দণ্ডই প্রদান করা হয়েছে। জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
এলাকাবাসীর অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিল। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













