স্টাফ রিপোর্টার:
প্রায় ২০০ যাত্রী নিয়ে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘বোগদাদিয়া-৭’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ মেঘনা নদীর একটি ডুবোচরে আটকা পড়েছে। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া এবং চাঁদপুর জেলার সীমানাবর্তী এলাকায় ঝড়ের কবলে পড়ে লঞ্চটি এই দুর্ঘটনার শিকার হয়।
যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উদ্ধার তৎপরতা রাত ৯টার পর ‘এমভি ইমাম হাসান’ নামের অপর একটি লঞ্চ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। লঞ্চটি আটকে পড়া যাত্রীদের একাংশকে উদ্ধার করে ঢাকার দিকে রওনা দিয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, অবশিষ্ট যাত্রীদের নিরাপদে উদ্ধারের জন্য বর্তমানে ‘বোগদাদিয়া-৮’ লঞ্চটি কাজ করছে।
ঘটনাটি নিশ্চিত করে চাঁদপুর বিআইডব্লিউটিএ-র উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, “লঞ্চটি ঝড়ের কবলে পড়ায় মেঘনার ডুবোচরে আটকে গেছে। যাত্রীদের নিরাপদে উদ্ধারে ইতিমধ্যেই দুটি লঞ্চ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”
কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া সকল যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
আরো দেখুন: https://haimcharprotidin.com/













