নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর ফুলমতি (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার দ্বাদশ ইউনিয়নের নাসিরকোর্ট গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফুলমতি মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামের আশরাফ আলীর স্ত্রী। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলমতি বেগম গত কয়েকদিন আগে পার্শ্ববর্তী মতলব উপজেলার চাপাতলী গ্রামে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তিনি সবার অগোচরে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
শনিবার সকালে নাসিরকোর্ট মাঠ সংলগ্ন একটি পুকুরের কাদামাটিতে এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা তুহিন ও বাবুল জানান, মরদেহটি কাদামাখা অবস্থায় ছিল। পুলিশি সহায়তায় মরদেহটি পরিষ্কার করার পর তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু নিহতের পরিবার তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছে এবং প্রাথমিক অবস্থায় অন্য কোনো অভিযোগ পাওয়া যায়নি, তাই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













