নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবসের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল হাসান সরকারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। উল্লেখ্য, চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনিই সর্বপ্রথম মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু করলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আজকের দিনটি আমাদের জাতীয় জীবনের এক মহান ও গৌরবোজ্জ্বল দিন। এমন একটি ঐতিহাসিক দিনে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং সম্মানের। এই দিনটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা যোগায়।”
দীর্ঘ প্রতীক্ষার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “বিগত ১৭ বছর ধরে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করেছি। আজ সেই কাঙ্ক্ষিত সময় আমাদের সামনে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তবে দেশবাসী একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার পাবে।”
চাঁদপুর জেলা বিএনপির এই সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে চাঁদপুর-৩ আসনে ‘ধানের শীষের’ বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার নির্দেশ দেন এবং সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
মনোনয়নপত্র সংগ্রহের সময় শেখ ফরিদ আহমেদ মানিকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও দেওয়ান মো. শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী, জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বিজয় দিবসের ছুটির দিনে মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিনের রাজনৈতিক জড়তা কাটিয়ে এক ধরনের উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী আমেজ পরিলক্ষিত হয়েছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













