হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নাইম হোসেন রাঢ়ী (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ।
গতকাল রবিবার (৯ নভেম্বর, ২০২৫) সকালে হাইমচর থানাধীন দক্ষিণ চরভৈরবী এলাকায় শিশুটি স্কুলে যাওয়ার পথে এই বর্বরোচিত ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে আসামিকে গ্রেফতার করা হয়।
⚫ যেভাবে ঘটনা
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি স্কুলগামী হওয়ার সময় আসামি নাইম হোসেন রাঢ়ী তাকে কথা বলার ছলে হাতে ধরে জনৈক মজিদ দেওয়ানের রড-সিমেন্টের দোকানের পেছনের সুপারি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয় বাসিন্দা সাকিব বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। ভিকটিমের মা পরে মেয়ের কাছে ঘটনার বিস্তারিত জানতে পারেন।
⚫ পুলিশি পদক্ষেপ
এই বিষয়ে হাইমচর থানাকে অবগত করা হলে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম-এর নির্দেশে এসআই (নিঃ) শ্রী সমীর দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামিকে হাইমচরের দক্ষিণ আলগী এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নাইম হোসেন রাঢ়ী লক্ষীপুর জেলার রায়পুর থানার বাসিন্দা।
হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি নাইম হোসেন রাঢ়ীকে গ্রেফতারের পর যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













